সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

দৌলতপুরে মাদক ব্যবসা ও রাজনৈতিক বিরোধে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন।

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।

সংঘর্ষের ঘটনায় সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০) নামে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নিহত টেঙ্গুরের বড় ভাই পটল রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অপরদিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার মেম্বার স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে বিএনপিতে যোগদানের পর থেকে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার দুই-তিন দিন আগে ভারত থেকে আসা মাদকের চালানকে কেন্দ্র করে আজাহার মেম্বার ও পটল গ্রুপের মধ্যে নতুন করে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে পটল গ্রুপের প্রধান পটলের ছোট ভাই টেঙ্গুর পেটে সড়কির মারাত্মক আঘাতে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল নিশ্চিত করে জানান, ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়িকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। দুই-তিন দিনের চরম উত্তেজনার পর এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের খবর পেয়েই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন