আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে পূর্বঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটির তারিখ সংশোধন করে ২০, ২১ ও ২২ অক্টোবর পুনর্নির্ধারণ করা হলো। এর পরিবর্তে আগামী ১৭ অক্টোবর (শনিবার) কর্মদিবস হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সকল সরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয় খোলা থাকবে।
এদিকে একই বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পুনরায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর সারা দেশে সরকারি সাধারণ ছুটি বহাল থাকবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’কে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।