যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তাঁদের একজন ড. ইউনূসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বাংলাদেশে মানুষ হত্যা, পুলিশ হত্যা এবং গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন।
গত সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক প্রবাসী ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চেয়ে বলতে থাকেন, আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?
ভিডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, ড. ইউনূসের মেয়াদে বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করারও অভিযোগ তোলেন তিনি।
তবে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিদের পরিচয়, তাঁদের সঙ্গে ড. ইউনূসের সরাসরি কোনো কথা হয়েছে কি না বা ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।