সরকারের গুরুত্বপূর্ণ তিনটি সংস্থায় ষষ্ঠ গ্রেডের ‘উপপরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতা। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আবির এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত এই তিন নেতাকে তিনটি আলাদা স্বায়ত্তশাসিত ও নিয়ন্ত্রণকারী সংস্থায় উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান-কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উপপরিচালক করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আবির নিয়োগ পেয়েছেন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে। ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রাকিবুল হাসান রাকিব-কে এনজিও বিষয়ক ব্যুরোর উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই তিন নেতার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ হবে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর। যোগদানের পর থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।