সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আইএলওর আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা

জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ দায়িত্ব পালন করবেন।

গত ১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আইএলওর ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পক্ষে সমর্থন জানান। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়ান কাস্টিলো। অন্য দুই সহ-সভাপতি হলেন ক্রিস্টেন কফম্যান এবং জেরার্দো মার্তিনেজ।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিবৃতিতে বলা হয়, এই নির্বাচন বৈশ্বিক শ্রম ব্যবস্থাপনায় বাংলাদেশের গঠনমূলক ভূমিকা, শোভন কর্মসংস্থান নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় দেশের অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি।

মিশন জানায়, বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে শ্রম ও কর্মসংস্থানবিষয়ক নীতিগত আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং শ্রমবাজারের ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নীতিগত ঐকমত্য গড়ে তুলতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনকে বিশ্বের ‘শ্রম সংসদ’ হিসেবে বিবেচনা করা হয়। এটি আইএলওর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম, যেখানে সরকার, শ্রমিক সংগঠন এবং নিয়োগকর্তা প্রতিনিধিরা শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এ বছরের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন