বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিনকে তার স্ত্রী দীনা হেমায়েতসহ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে।
এ অভিযোগ করেছেন হেমায়েত উদ্দিনের ভাইপো রিহান সরদার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ডিবি পুলিশ তাদের বাসা থেকে হেমায়েত উদ্দিন ও তার স্ত্রীকে নিয়ে গেছে।
রিহান সরদার তার পোস্টে লেখেন, “আমার চাচা হেমায়েত উদ্দিন এবং চাচী দীনা হেমায়েতকে তারেক প্রশাসনের ডিবি পুলিশ বাসা থেকে গ্রেফতার করেছে। আমি এর নিন্দা জানাই।”
তিনি আরও লেখেন, “আগস্ট-পরবর্তী আওয়ামী রাজনীতির ব্যানারে চাচা-চাচী উভয়েই তাদের সাধ্যের মধ্যে সবটুকু উজাড় করে দিয়েছেন।”
হেমায়েত উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হেমায়েত উদ্দিন ও তার স্ত্রীকে আটকের কারণ সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।