খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (৪ জুলাই) ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়।
এদিকে, অগ্নিসংযোগের ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন দেওয়ার পরপরই তিনি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, রাতের কোনো এক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. নুরুল আলম রনিকে আটক করা হয়েছে। রনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনির হোসেনের বড় ভাই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করতে তদন্তের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।