বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রবিবার (৫ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট বাস্তবায়ন, বাংলাদেশ ও স্পেনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় ব্যবস্থার প্রত্যাশিত সংস্কার, ‘জুলাই জাতীয় সনদ’, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও এর ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়েও উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান অব্যাহত রাখায় স্পেন সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করেন বিরোধীদলীয় নেতা।
স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক রূপ লাভ করবে।
উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।