পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী আওলাদ হোসেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেফতার হয়েছিলেন আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দীর্ঘ ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান। কারামুক্তির ৫৫ দিন পর আজ তিনি পুনরায় আদালতে হাজিরা দিতে উপস্থিত হন।
মঙ্গলবার সকাল থেকেই আইভীর হাজিরাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তার অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। হাজিরা শেষে তিনি নিজ বাসভবনের উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।