সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জাবির ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডে ২৪ হত্যা: ৭ জনকে অব্যাহতি

যশোর শহরের চিত্রা মোড়ের পাঁচ তারকা মানের ‘জাবির ইন্টারন্যাশনাল’ হোটেলে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

যশোর শহরের চিত্রা মোড়ের পাঁচ তারকা মানের ‘জাবির ইন্টারন্যাশনাল’ হোটেলে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে বিভিন্ন সময়ে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া সাতজনের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন।

তদন্ত কর্মকর্তার সুপারিশে যে সাতজনের অব্যাহতির আবেদন করা হয়েছে তারা হলেন— মো. আব্দুল খালেক (৬৫), মো. এনামুল হক (৫৯), আব্দুর রহমান শাওন (৩৬), অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি (৪১), এস এম আজাহার হোসেন স্বপন (৫২), কাজী রবিউল হোসেন ওরফে ভাইপো রবিউল (৩১) এবং মো. ইমন কাজী (২৬)।

মামলার বিবরণ থেকে জানা যায়, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন এমএম আলী রোডের জাবির ইন্টারন্যাশনাল হোটেলে গত ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গানপাউডার ও পেট্রোল নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ক্যাশ ভল্ট ভেঙে নগদ ৯০ লাখ টাকা চুরিসহ ১০০টি ফ্রিজ, ১০০টি স্মার্ট টেলিভিশন, জেনারেটর, ট্রান্সফরমার ও প্রয়োজনীয় সরঞ্জাম লুটপাট করে। পরবর্তীতে ১ থেকে ১৬ তলা পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকারি তথ্যমতে, অগ্নিকাণ্ডে একজন ইন্দোনেশীয় নাগরিকসহ মোট ২৪ জন হোটেল স্টাফ ও বোর্ডার দগ্ধ হয়ে মারা যান এবং ভবনটির শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনার পরদিন ১৮ আগস্ট সাবেক এমপি শাহীন চাকলাদারের চাচাতো ভাই ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত প্রক্রিয়ায় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন সময়ে ওই সাতজনকে আটক করা হয়েছিল। তবে দীর্ঘ তদন্ত, নিবিড় জিজ্ঞাসাবাদ এবং সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের মামলার দায় থেকে অব্যাহতির আর্জি জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন