গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদনের মাত্র আট দিনের মাথায় দলটির সকল পদ থেকে পদত্যাগ করেছেন নবগঠিত আহ্বায়ক শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো রাজনীতিতে যুক্ত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রবিবার (৪ অক্টোবর) বিকালে শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতির কারণ দেখিয়ে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে শাহিদ আলম উল্লেখ করেন, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদসহ এনসিপির সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রাজনীতিতে জড়িয়ে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, তাই পুরোপুরি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তবে তাঁর পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা। তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিলেও আমরা তা গ্রহণ করিনি। তিনি চেয়েছিলেন তাঁর নাম বা রাজনৈতিক পরিচয় গোপন থাকুক। কিন্তু পরিচয় গোপন রেখে রাজনীতি করা বা তাঁর কোনো অপকর্মের দায় দল বহন করবে না। দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথ স্বাক্ষরে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছিলেন।