মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ব্রাজিলের জন্য এলো এক বড় দুঃসংবাদ। চোট কাটিয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে ফেরা হচ্ছে না দলের প্রধান তারকা ও ফরোয়ার্ড নেইমারের। সবশেষ খবর অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের হয়ে তাঁর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার হাইতির বিপক্ষে সেলেসাওদের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে ৩৪ বছর বয়সী এই তারকা এখনো দলের সঙ্গে অনুশীলনেই ফিরতে পারেননি।
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর সূত্র মতে, এক সপ্তাহ আগে নেইমারের যে মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, তা আবারও করানো হচ্ছে। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ ইনজুরিতে (পেশির চোট) পড়েছিলেন তিনি। ‘গ্রেড-টু’ পর্যায়ের এই চোট নিয়েই বিশ্বকাপের স্কোয়াডে ডাক পান নেইমার। কিন্তু এরপর থেকে আজ পর্যন্ত দলের মূল অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি।
গত সোমবার নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারেও নেইমারকে একা একা পুনর্বাসন প্রক্রিয়ার (রিহ্যাব) মধ্য দিয়েই যেতে দেখা গেছে। মেডিকেল পরীক্ষার নতুন রিপোর্ট এখনো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, দলের মেডিকেল স্টাফরা নেইমারকে নকআউট পর্বের নকশায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন।
ফলে গ্রুপ ‘সি’-তে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচে দর্শক হয়েই ডাগআউটে বসে থাকতে হচ্ছে এই তারকাকে।
প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও অফিশিয়াল কিট বা জার্সিতে ছিলেন না নেইমার। তাঁর চোটের অবস্থা ও দলে তাঁর গুরুত্ব নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, সে দ্রুতই সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে। আমরা যখন ওকে দলে নিয়েছিলাম, ওর অবিশ্বাস্য টেকনিক্যাল সামর্থ্যের কথা মাথায় রেখেই নিয়েছিলাম। তবে মাঠের খেলার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করতে ওর অভিজ্ঞতা এবং নেতৃত্ব আমাদের দলের জন্য এই মুহূর্তে ভীষণ প্রয়োজন।
মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এখন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ব্রাজিলের জন্য সমীকরণ মেলাবার লড়াই। আগামী শনিবার (২০ জুন) ভোর সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৫ জুন (বৃহস্পতিবার) ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। সমর্থকরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন, যেন হেক্সা মিশনের নকআউট পর্বেই চেনা ছন্দে মাঠে ফিরতে পারেন নেইমার।