সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় ডায়েরি

জুলাই আন্দোলন ও নিহতদের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করার অভিযোগ তুলে বিশিষ্ট অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার

জুলাই আন্দোলন ও নিহতদের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করার অভিযোগ তুলে বিশিষ্ট অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়া ও কারিগরি যাচাইয়ের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্র সংলাপ ফোরামের দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ৩০ হাজারের অধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কতিপয় ব্যক্তি প্রকাশ্যে এই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য প্রদান করছেন, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগে তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। যা শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননাকর। মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত বা সাজানো ঘটনা’ হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের কার্যক্রমকে ‘অভিনয়’ এর সাথে তুলনা করেছেন। এতে আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হেয় প্রতিপন্ন হয়েছেন।

সংগঠনটির মতে, এসব কর্মকাণ্ড ও বক্তব্য জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে অবমাননা করার শামিল এবং এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন