মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সম্বলিত একাধিক কুশপুতুল বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের বৈদ্যুতিক তারে এসব কুশপুতুল ঝুলতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত কুশপুতুলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
উদ্ধার করা কুশপুতুলগুলোতে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমসহ এনসিপির একাধিক শীর্ষ নেতার ছবি সাঁটানো ছিল। একই সঙ্গে কুশপুতুলগুলোর গায়ে লেখা ছিল তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিলো রসাতলে। এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটতে বের হয়ে স্কুলের পাশের বৈদ্যুতিক তারে কুশপুতুলগুলো ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন।
আজ বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির একটি নির্ধারিত পদযাত্রা কর্মসূচি ছিল। এনসিপির স্থানীয় নেতাদের ধারণা, দলটির এই পদযাত্রাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ভীতি ছড়াতে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, এনসিপির আজকের পদযাত্রাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি সহ্য করতে না পেরে একটি চক্র সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করতে এসব কুশপুতুল ঝুলিয়েছে। আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে ব্যবস্থা নেবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এটি করা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।