হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত এই হামলা চালিয়েছে। এতে সাংবাদিক ও দলটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লেখেন, উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বেশ কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে এনে ভাঙচুর করা হয়। সরকারি বা রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই হামলাকে রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই পদযাত্রা উপলক্ষে তাদের শীর্ষ দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরের ওপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে এনসিপির একাধিক নেতাকর্মীসহ উপস্থিত সাংবাদিকরাও আহত হয়েছেন।