বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
মামলার নথি সূত্রে জানা যায়, এর আগে ভাঙচুর সংক্রান্ত এই দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং এ ঘটনায় আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।