মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, আলোচনায় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও ভূমিকার বিষয়টি প্রাধান্য পায়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন সি এঞ্জেলস’-এর স্মৃতির কথা তুলে ধরেন।
মার্কিন কমান্ডার বিভিন্ন আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি জানান, যৌথ সামরিক প্রশিক্ষণ ‘কো-অপারেশন আফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (সিএআরটি)’ এর আগামী মহড়া চলতি বছরের নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এছাড়া, সিঙ্গাপুরে আয়োজিত ‘সি ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের উপস্থিতির কথা স্মরণ করে ভবিষ্যতে নিয়মিত ‘রিম অব দ্য প্যাসিফিক (আরআইএমপিএসি)’ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়। একই সঙ্গে যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কাজের পরিধি উল্লেখ করে কমান্ডার স্টিফেন টি কোহলার বলেন, দুই দেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আগামী দিনে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনর্ব্যক্ত করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সর্বদা বিশ্বশান্তির পক্ষে।