সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

৪০ কোটি হাতকে শ্রমে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন থাকলে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হবো, ইনশাআল্লাহ। আমরা চাই দেশের

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন থাকলে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হবো, ইনশাআল্লাহ। আমরা চাই দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মক্ষম শ্রমিকের হাতে রূপান্তর করতে। আমাদের কাজ করতে হবে, ফসলের উৎপাদন বাড়াতে হবে এবং শিল্পে বিপ্লব ঘটাতে হবে।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে আয়োজিত এক সুধী ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সম্প্রতি ঘটে যাওয়া অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তায় নির্মিত ১০০টি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন এবং দুস্থ নারীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী।

সমাবেশে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রজেক্ট ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে। চলতি বছরেই দেশের প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর অংশ হিসেবে আগামী অর্থবছরের মধ্যে বাঁশখালীর ১০-১২ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং পরবর্তী চার বছর এই ধারাবাহিকতা বজায় থাকবে।

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাঁশখালীর ঐতিহ্যবাহী লবণ শিল্পের প্রসারে এবং চাষিদের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে আলোচনার মাধ্যমে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

দেশের সার্বিক কর্মসংস্থান ও বিনিয়োগের পূর্বশর্ত হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাজারে গণ্ডগোল হলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। দেশি-বিদেশি বিনিয়োগ ও স্বাভাবিক সাপ্লাই চেইনের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি। যারা বিভ্রান্তি ছড়িয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল করিম।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন