সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

এআই দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিঞা হাসিবুল হাসান হাসিব।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিঞা হাসিবুল হাসান হাসিব। ছবিটিতে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত রোববার (১৬ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করেন হাসিব। ক্যাপশনে তিনি দাবি করেন, গত ১৫ আগস্ট দলীয় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সংক্ষিপ্ত সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়েছে। ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়।

নেটিজেন ও প্রযুক্তি বিশেষজ্ঞরা ছবিটি বিশ্লেষণ করে একাধিক অসংগতি চিহ্নিত করেছেন। ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর ব্যবহৃত চেয়ারের হাতলের নিচে স্পষ্ট ‘Gemini AI’-এর লোগো রয়েছে, যা ছবিটির কৃত্রিমতার বড় প্রমাণ। এছাড়া আলোর বিন্যাস ও মানুষের অবয়ব গঠনেও স্পষ্ট অসংগতি ধরা পড়েছে।

বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। আলফাডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাশারুল বারী অভিযোগ করে বলেন, হাসিব এর আগেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলে পোস্ট করেছিলেন। ৫ আগস্টের পর বিদেশ থেকে দেশে ফিরেই তিনি বড় নেতা সাজতে এআই প্রযুক্তি ব্যবহার করে বাটপাড়ি শুরু করেছেন। এলাকায় জমি দখল, প্রভাব বিস্তার ও প্রশাসনকে নিজের ক্ষমতার দাপট দেখাতেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক জাহিরের মিথ্যা চেষ্টা করছেন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

এদিকে আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন জানান, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এআই প্রযুক্তির অসৎ ব্যবহার ও ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে আইনি ও দলীয় শাস্তির দাবি তুলেছেন সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা। ঘটনার বিষয়ে মতামত জানতে মিঞা হাসিবুল হাসান হাসিবের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন