জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও ৬৯০ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির কোনো তথ্য বা ডেটা খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আইজি প্রিজন জানান, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২,২৪৭ জন বন্দি পালিয়েছিল। তাদের মধ্যে অধিকাংশকে আটক বা ফেরত আনা সম্ভব হলেও ৬৯০ জন এখনও ধরাছোঁয়ার বাইরে। পালিয়ে যাওয়া ৯ জন জঙ্গির মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি ৩ জন এখনো পলাতক।
কারাগারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোতাহের হোসেন বলেন, ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করায় তীব্র আবাসন সংকট তৈরি হয়েছে। জায়গা স্বল্পতার কারণে বিপজ্জনক বা জঙ্গি বন্দিদেরও আলাদা রাখা সম্ভব হচ্ছে না।
কারা ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, ময়মনসিংহ জেলা কারাগারকে ইতোমধ্যে ‘ক্যাশলেস’ ঘোষণা করা হয়েছে এবং দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা জনবল সংকট কাটাতে ১,৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে এবং আরও ১,৫০০ পদের প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া অনিয়ম কমাতে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি মেধা ও প্রযুক্তিনির্ভর করা হচ্ছে বলে জানান তিনি।