সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

তারেক রহমান সরকারের প্রথম ৬ মাস ‘সম্পূর্ণ ব্যর্থ’: নাহিদ ইসলাম

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত অগ্রাধিকারপ্রাপ্ত তিনটি প্রধান ক্ষেত্রে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন ও ব্যর্থতার চিত্র তুলে ধরে এনসিপি-এর পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতার কারণে সরকার আবারও পুরোনো স্বৈারতান্ত্রিক কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। গত ১৮০ দিনে এটিই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের দেশ পরিচালনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।

তিনি আরও উল্লেখ করেন, সরকার ক্ষমতায় আসার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলার কথা বলেছিল। কিন্তু প্রথম ছয় মাসে এই তিনটি অগ্রাধিকারমূলক খাতেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা ছয় মাসের মধ্যেই মন্ত্রিপরিষদ ও প্রতিমন্ত্রী রদবদল করছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধনীতি, কৃষি সার, মানবাধিকার এবং ভূমি কমিশন আইনসহ ২৯টি ক্ষেত্রে সরকারের বিগত ১৮০ দিনের সিদ্ধান্ত ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি দ্রুত এসব সংকট নিরসনে পদক্ষেপ না নেয় এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকে ফিরে যাওয়ার পথ পরিহার না করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলা হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন