চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরমান উদ্দিনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন লোহাগাড়ার আমিরাবাদ এলাকার প্রবাসী আমির হোসেন। সোমবার (২৪ আগস্ট) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়।
আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কবির জিলানী।
মামলার অন্য আসামিরা হলেন, মো. আরিফ উদ্দীন, শওকত আলী, মো. আদিল, মো. আনোয়ার, জয়নাল আবেদীন এবং মো. আরমান উদ্দিন।
মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্স এলাকায় তাঁর একটি চারতলা ভবন রয়েছে। ভবনের নিচতলায় দোকান এবং অন্যান্য অংশে ভাড়াটেরা বসবাস করেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরলে আরমান উদ্দিনের নেতৃত্বে আসামিরা তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত ৩ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আসামিরা মার্কেটের নিচতলার ভাড়াটে ওবায়দুল্লাহর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে দোকান থেকে ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা মূল্যের স্টিলের আলমারি ও ওয়াল শোকেসসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। একই সঙ্গে ক্যাশ বাক্সে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দোকানে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য ভাড়াটেদেরও আসামিদের মাধ্যমে বাসাভাড়া দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।
বাদীর আরও অভিযোগ, গত ২০ আগস্ট সকাল ৯টার দিকে আসামিরা মার্কেটে বৈঠক করে ২০ লাখ টাকা চাঁদা না দিলে দোকান ও ঘরের দখল ছাড়া হবে না বলে হুমকি দেন। এ সময় আরমান উদ্দিন মুঠোফোনে বাদীকে তাদের কথামতো চলার জন্য চাপ দেন এবং একপর্যায়ে তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
বাদী আমির হোসেন জানান, চাঁদা দাবি ও হামলার ঘটনায় লোহাগাড়া থানায় মামলা না নেওয়ায় তিনি ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহজাহান চৌধুরীর পিএস মো. আরমান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। এমনকি খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।