ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এই সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি দলও অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত থেকে প্রেরিত আমন্ত্রণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট হতে পারেনি। তারেক রহমানকে এককভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট বিমসটেক-এর চেয়ারম্যান হিসেবে ব্রিকসের ‘আউটরিচ সেশনে’ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে আমন্ত্রণের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছিলেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বাংলাদেশ ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য না হওয়া সত্ত্বেও সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে স্বতন্ত্র আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়ায় বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এই সফর বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।
তবে ব্রিকস সম্মেলন এড়িয়ে গেলেও ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবেশ অনুকূলে এলে পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে পৃথক একটি দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন।