জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সরকারি সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।
যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ আয়োজিত বিশেষ আলোচনা সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক নির্ধারিত রয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।