সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জিন্নাহর বাবা হিন্দু মাছ বিক্রেতা ছিলেন: বিএনপি নেতা ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা হিন্দু ছিলেন এবং তিনি মাছ বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা হিন্দু ছিলেন এবং তিনি মাছ বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ফজলুর রহমান জিন্নাহর পারিবারিক ব্যাকগ্রাউন্ড তুলে ধরে বলেন, ‘জিন্নাহর বাড়ি ছিল গুজরাটে। তাঁর বাবা মাছ বিক্রি করতেন, তাঁদের ‘পুঞ্জা’ বলা হতো। উচ্চবর্ণের হিন্দু সমাজ তাঁদের ঘৃণা করায় পরবর্তীতে তাঁরা ধর্মান্তরিত হয়ে মুসলমান হন।’ এছাড়া জিন্নাহর কংগ্রেস ও মুসলিম লীগে রাজনীতি থেকে শুরু করে ১৯২৯ সালের ১৪ দফা ও দ্বি-জাতি তত্ত্বের মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করেন তিনি।

পাকিস্তান ও পরবর্তী আন্দোলন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, সর্বস্তরের বাঙালি মিলে পাকিস্তান প্রতিষ্ঠা করলেও বৈষম্যের কারণে ৫২-র ভাষা আন্দোলন থেকেই বাঙালি স্বাধীনতার লড়াই শুরু করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে নিজেকে স্বাধীনতার সংগঠক ও জাতীয় পতাকা তৈরির সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করেন তিনি। ৭০-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং পরবর্তীতে ইয়াহিয়া খানের ক্ষমতা হস্তান্তর না করার ফলেই যুদ্ধ শুরু হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান এবং স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন