টাঙ্গাইলের নাগরপুরে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ‘কিশোর গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত এনাম জাবির ওমিও (২১)সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এনাম নাগরপুর থানা বিএনপির কার্যকরী সদস্য রুহুল আমিনের ভাগ্নে।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন—গয়হাটা গ্রামের আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে গঠিত কথিত কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি বিশেষ অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।