নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত চিঠিতে আফজাল মোল্লাকে দল থেকে সাময়িক ও চূড়ান্ত বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক ও স্কুল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অন্যদিকে ঘটনায় জড়িতের দ্রুত বিচার ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
ঘটনার বিবরণে ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, ২০২৪ সালের আগস্ট মাসে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে আফজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের লাইব্রেরিতে অবস্থানকালে অভিযুক্ত আফজাল মোল্লা সেখানে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্ছিত ও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন।
শিক্ষিকা একরামুন্নেছা বিউটির আরও অভিযোগ, ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের ইন্ধনে ঘটেছে। এ সময় উপস্থিত অন্য শিক্ষকরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আফজাল মোল্লা তাঁদের ‘আওয়ামী লীগের দোসর’ অ্যাখ্যা দিয়ে হুমকি প্রদর্শন করে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, শিক্ষক লাঞ্ছনার মতো অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় নীতি বজায় রাখতে অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।