চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক গুরুত্বর অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষ।