উদ্বোধনের পর রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরের আনুষ্ঠানিক স্মৃতিফলক উন্মোচন করেন তিনি।
ফলক উন্মোচনের পর নিহতদের স্মরণে সুরা ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি জাদুঘরে সংরক্ষিত আন্দোলন-সংগ্রামের স্মারক, আলোকচিত্র, ঐতিহাসিক দলিলপত্র ও বিভিন্ন নিদর্শন গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং গণ-অভ্যুত্থানের ইতিহাসস্মারকগুলো সম্পর্কে অবহিত হন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাবলী, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অর্জিত বিজয়ের ওপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উল্লেখ্য, উদ্বোধনের প্রথম দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি কেবল আমন্ত্রিত অতিথিদের পরিদর্শনের জন্য নির্ধারিত রাখা হয়। আগামী কাল বৃহস্পতিবার থেকে তা সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।