পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা “বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। তার এই মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে, যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।”
তবে বাংলাদেশের মুসলমানদের কোন ধরনের বক্তব্য বা কর্মকাণ্ডের কারণে পশ্চিমবঙ্গের মুসলমানদের “খেসারত” দিতে হয় সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।
হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত এই তৃণমূল বিধায়ক আরও বলেন, “বাংলাদেশের মুসলমান ভাইদের বলব, এই রাজ্যের মুসলমানদের নিয়ে কিছু মন্তব্য করতে হলে সবকিছু জেনে, বুঝে, পড়াশোনা করে মন্তব্য করা ভালো। ওই দেশের আলটপকা মন্তব্যের জন্যই এখানকার মুসলমানদের বিপদ হয়। তারা যেন আরও সতর্ক হয়ে মন্তব্য করেন।”
প্রসঙ্গত, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ২৯৩ আসনের মধ্যে ২০৭টিতে জয় নিয়ে সরকার গঠন করেছে দলটি। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। এর মাধ্যমে টানা ১৫ বছর পর পশ্চিমবঙ্গের ক্ষমতা হারায় তৃণমূল কংগ্রেস।