চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর দেড়টায় হাই-স্পিড ট্রেনে তারা দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলন-এ অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও সেরা চর্চা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।