সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি; হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এই আদেশ জারি করেন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উভয় পক্ষের বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতির কারণে সহিংসতা, হতাহত, সম্পত্তির ক্ষতিসাধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার আশঙ্কা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারা জারির পর থেকে পুরো পৌর শহর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলার পর সন্ধ্যায় শহর এলাকায় এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় অভিযোগ করা হয়, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ হামলার প্রতিবাদে আজ বুধবার সারাদেশে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

অন্যদিকে, সংঘর্ষের পেছনের কারণ নিয়ে পাল্টা অভিযোগ তুলেছে ছাত্রদল। ছাত্রদল নেতাদের দাবি, মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জে অনুষ্ঠিত এক সমাবেশে এনসিপি নেতারা বক্তব্য দেওয়ার সময় বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ‘গুণ্ডাবাহিনী’ শব্দ ব্যবহার করেন। এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে সন্ধ্যায় টাউন হলে পদযাত্রা শেষ করে এনসিপি নেতারা অবস্থান নিলে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।

উভয় পক্ষের এই মুখোমুখি অবস্থানের পর যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন