তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্মি।
নেপালের স্থানীয় সময় বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন-এর পর দীর্ঘ ১৪ বছর পর আরেক বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন।
বিএমটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত আরোহণের লক্ষ্যে গত ২৫ মে নুরুননাহার নিম্মি ক্যাম্প-২ (৬ হাজার ৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন। পরে রাতে ক্যাম্প-৩ (৭ হাজার ২০০ মিটার)-এ অবস্থান করেন। ২৬ মে ভোরে ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-৪-এ পৌঁছান তিনি। সেখানে বিশ্রাম শেষে সন্ধ্যায় চূড়ান্ত অভিযানে বের হন।
সারারাত প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ অতিক্রম করে বুধবার ভোরে এভারেস্টের শীর্ষে পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে গৌরবের নতুন ইতিহাস গড়েন এই পর্বতারোহী।
অভিযানে তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।
নুরুননাহার নিম্মি গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এভারেস্ট অভিযানটির পরিকল্পনা করে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করে পূবালী ব্যাংক পিএলসি।